আবুধাবি বিমানবন্দরে আটকে পড়া ২৯ বাংলাদেশি সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের অনুমতি পেল।
গালফ নিউজ জানায়, সব কাগজপত্র ঠিক থাকলেও মঙ্গলবার আবুধাবি বিমানবন্দরে আটকে দেয়া হয় বাংলাদেশি প্রবাসীদের।
এদিন সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ৪১ জন আমিরাত যান। এর মধ্যে ২৯ জনকে ঢুকতে দেয়া হয়নি।
করোনার সময় কাজ বন্ধ থাকায় আটকা পড়াদের অনেকে ধারদেনা করে টাকা সংগ্রহ করে দেশটিতে গেছেন।
ভুক্তভোগীরা গালফ নিউজের কাছে দাবি করেছিলেন, তাদের কাছে বৈধ আবাসিক ভিসা, কভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট এবং আমিরাতে প্রবেশের অনুমোদন ছিল।
আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর সংবাদমাধ্যমটিকে বলেন, আমরা শুরু থেকেই তাদের সুস্থতার বিষয়টি নিশ্চিত করতে কাজ করেছি এবং খুশির খবর হলো ওই ২৯ জনকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
তিনি বলেন, তারা বিমানবন্দরে পিসিআর রিপোর্ট পেয়েছে, তাদের রিপোর্ট নেগেটিভ ছিল এবং প্রবেশের অনুমতি দেওয়া হয়।
ইব্রাহিম খলিল (৪২) নামে এক বাংলাদেশি প্রবাসী গতকাল অভিযোগ করেছিলেন, ঢাকার চেকিংয়ে সব ঠিকঠাক ছিল। অথচ এখানে আমাদের ঢুকতে দেয়া হচ্ছে না। ভাবতেই পারিনি এমন হবে।
গত ৬ মাস উপার্জনহীন থাকা খলিল বাবার মৃত্যুর খবর শুনে দেশে ফিরেছিলেন। এখন ধার করা টাকায় দেশটিতে গেছেন।