আমিনুল বিপ্লবের সফল অস্ত্রোপচার

সাইনোসাইটিসের সমস্যা থেকে মুক্তি পেতে নাকে পলিপাস অপারেশন করিয়েছেন জাতীয় দলের লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপ্লব নিজের সফল অস্ত্রোপচারের কথা নিশ্চিত করেন। ভেরিফায়েড ফেইসবুক পেজে করা পোস্টে বিপ্লব লিখেছেন, ‘মহান আল্লাহর অশেষ রহমতে গতকাল আমার পলিপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ!’

এখন ভালো আছেন জানিয়ে বিপ্লব আরো লিখেন, ‘আমার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।’

বিপ্লবের সার্জারি হয়েছে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে। তাকে সপ্তাহখানেক থাকতে হতে পারে হাসপাতালে। বিসিবির মেডিকেল বিভাগ সূত্রে খবর, দুই সপ্তাহের মধ্যেই ক্রিকেটে ফিরতে পারবেন এই ২০ বছর বয়সী।

গত বছর অভিষেকের পর এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ৭টি টি-টোয়েন্টি খেলেছেন বিপ্লব। করোনা বিরতির পর মিরপুরে একক অনুশীলনও শুরু করেছিলেন তিনি।