কোটি টাকার অবৈধ সম্পদ: তিতাসের ২ কর্মচারীর বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকার অভিযোগে তিতাস গ্যাসের দুই কর্মচারীর বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই দুই কর্মচারী হলেন মিটার বিলিং শাখার ডাটা এন্ট্রি অপারেটর মো. হাসানুর রহমান এবং তিতাস গ্যাস টিঅ্যান্ডডি মেট্রো বিক্রয় বিভাগ-৪-এর সিনিয়র সুপারভাইজার তহুরুল ইসলাম।

সংস্থাটির উপপরিচালক আলী আকবর মামলা দুটি করেন। বুধবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলা দুটি রেকর্ড করা হয়।

হাসানুর রহমানের বিরুদ্ধে করা মামলায় বলা হয়, তিনি অবৈধভাবে জ্ঞাত আয়বহির্ভূত অর্থ দিয়ে ১ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ৯০৭ টাকার সম্পদের মালিকানা অর্জন করেন। কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে হাসানুর সাড়ে ১৩ লাখ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জনের বিষয়টি গোপন করেন। গত বছরের ৯ সেপ্টেম্বর কমিশন তাকে সম্পদ বিবরণী দাখিলের নোটিস করে এবং ৩১ অক্টোবর তিনি তা জমা দেন।

অন্যদিকে তহুরুল ইসলামের বিরুদ্ধে করা মামলায় বলা হয়, অবৈধভাবে ১ কোটি ৭১ লাখ ৭২ হাজার ৮৮২ টাকার সম্পদের মালিক হন তিনি। সম্পদ বিবরণীতে তিনি ৬০ লাখ ৩৫ হাজার ১৫৪ টাকা মূল্যের সম্পদের বিষয় গোপন করেন।