জি কে শামীমের দেহরক্ষীদের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল

ক্যাসিনোবিরোধী অভিযানে গ্রেপ্তার জি কে শামীমের চার দেহরক্ষীর বিরুদ্ধে মানি লন্ডারিং মামলায় জামিন প্রশ্নে রুল জারি করেছে হাইকোর্ট। তাদের কেন জামিন দেওয়া হবে না রুলে তা জানতে চাওয়া হয়েছে।

চারজনের করা জামিনের আবেদনের শুনানি নিয়ে বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে।

জামিন আবেদনকারী চার আসামি হলেন মোহাম্মদ জাহিদুল ইসলাম, মো. শহীদুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. শামশাদ হোসেন। আদালতে তাদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শামীম সরদার। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম।

অ্যাডভোকেট শামীম সরদার দেশ রূপান্তরকে বলেন, জি কে শামীমের বিরুদ্ধে মোট তিনটি মামলা হয়। এর মধ্যে অস্ত্র ও মানি লন্ডারিং মামলায় দেহরক্ষীদেরও আসামি করা হয়। হাইকোর্ট মানি লন্ডারিং মামলায় চারজনের জামিন প্রশ্নে রুলে দিয়েছে। চার সপ্তাহের মধ্যে সরকার ও দুদককে রুলের জবাব দিতে বলা হয়েছে।