বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনাভাইরাস সংক্রান্ত গবেষণার জন্য ১৪ জন শিক্ষককে রিসার্চ গ্রান্ট দেওয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার বিএসএমএমইউ-এর ডা. মিল্টন হলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেনের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া। তিনি বলেন, ‘মানুষের জীবন বাঁচাতে করোনাভাইরাস নিয়ে গবেষণার বিকল্প নেই। সেই গুরুত্ব অনুধাবন করেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সংক্রান্ত গবেষণা প্রকল্প নিয়েছে।’ বিএসএমএমইউ-এর রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম।