পর্বতারোহী রেশমা নাহার রত্নাকে চাপা দেওয়া মাইক্রোবাসচালক মো. নাঈমের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হলে শুনানি শেষে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ মিল্লাত হোসেন।
এর আগে গত মঙ্গলবার রাজধানীর ইব্রাহীমপুর থেকে জব্দ করা হয় কালো রঙের ১২ সিটের মাইক্রোবাসটি। গ্রেপ্তার করা হয় মাইক্রোবাসচালক মো. নাঈমকে (২৭)। তিনি দুর্ঘটনার সময় মাইক্রোবাসটি চালাচ্ছিলেন। গাড়ির মালিক একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে মাইক্রোবাসটি মাসিকভিত্তিতে ভাড়া দিয়েছেন। ঘটনার দিন ওই প্রতিষ্ঠানের নাইট শিফটে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন গন্তব্যে নামিয়ে দেওয়ার সময় ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে জানা যায়।
প্রসঙ্গত গত ৭ আগস্ট রাজধানীর সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে সাইক্লিং করার সময় গাড়ির ধাক্কায় মারা যান তরুণ অভিযাত্রী রেশমা নাহার রত্না।