ভারতে একদিনে রেকর্ড আক্রান্ত

করোনাভাইরাসের সংক্রমণের উঠতির ধারা থামছেই না ভারতে। সবশেষ চব্বিশ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ দেখেছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশটি। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও প্রায় ১ হাজার জনের।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশটিতে ৬৯ হাজার ৬৭২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যা একদিনে সর্বোচ্চ আক্রান্ত।

৭০ হাজার ছুঁই ছুঁই শনাক্ত নিয়ে সরকারি হিসেবে ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২৮ লাখ।

কভিড-১৯ এ আক্রান্তদের মধ্যে চব্বিশ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯৯৭ জনের। তাতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫৪ হাজার।

এশিয়ার দেশগুলোর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুতে সবার ওপরে ভারত। আর আক্রান্তের বৈশ্বিক তালিকায় অবস্থান তৃতীয়। তাদের ওপরে থাকা দেশ দুটি হলো যুক্তরাষ্ট্র ও ব্রাজিল।

মৃত্যুর বৈশ্বিক তালিকায় ভারতের অবস্থান চতুর্থ। ওপরে থাকা দেশ তিনটি হলো যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও মেক্সিকো।

ওয়ার্ল্ডো মিটারের হিসেব মতে, চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে বিশ্ব জুড়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। আক্রান্তের সংখ্যা ২ কোটি ২৬ লাখ ছাড়িয়েছে; এদের মধ্যে মৃত্যু হয়েছে ৭ লাখ ৯১ হাজার মানুষের।