পরিবেশ দূষণের চিন্তায় কিশোরীর আত্মহত্যা, মোদিকে সুইসাইড নোট

চারিদিকে পরিবেশ দূষণ ও দুর্নীতি নিয়ে দুশ্চিন্তায় নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করেছে এক কিশোরী।

টাইমস অব ইন্ডিয়া জানায়, ভারতের উত্তরপ্রদেশে সম্ভল লোকসভা এলাকায় এ ঘটনা ঘটে।

দেশটির স্বাধীনতা দিবসের আগের রাতে বাবার লাইসেন্স করা পিস্তল নিয়ে আত্মহত্যা করে ১৬ বছর বয়সী ওই কিশোরী। 

ট্রিগারে চাপ দিতেই পড়ার টেবিলে লুটিয়ে পড়ে ববরালার এক বেসরকারি স্কুলের এ ছাত্রী। গুলির শব্দে পাশের ঘর থেকে ছুটে আসে তার মা-বাবা। তার আগেই মারা যায় মেয়ে।

পড়ার টেবিলে একটি সুইসাইড নোট পায় পরিবার। আঠারো পাতার দীর্ঘ একটি চিঠি সেটি। এতে দেখা যায়, পরিবেশ দূষণ, দুর্নীতি ও সামাজিক অস্থিরতা নিয়ে মানসিক অবসাদগ্রস্ত ছিল ওই মেয়ে।

পুলিশ জানায়, ওই সুইসাইড নোটটি উদ্ধার করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে এ চিঠি লেখা হয়েছে। 

মোদির সঙ্গে সামনা-সামনি সাক্ষাত্‍‌ করতে ওই কিশোরী যে ব্যাকুল ছিল, চিঠিতে তা উল্লেখ করেছে সে। 

প্রাথমিক তদন্তের পর বুধবার পুলিশ জানায়, ওই কিশোরী দুর্নীতি, দূষণ, বনজঙ্গল কেটে সাফ করার মতো একাধিক ঘটনায় অস্থিরতায় ভুগছিল। 

সুইসাইড নোটে সে লেখে, তার খুব ইচ্ছে ছিল এই সব বিষয়ে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বসে একদিন মুখোমুখি আলোচনা করবে।