ওবামা ছিলেন ‘ভয়ঙ্কর’ নেতা: সমালোচনার জবাবে ট্রাম্প

বুধবার ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছিলেন তার পূর্বসূরি প্রেসিডেন্ট বারাক ওবামা। এর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ট্রাম্প। 

এএফপি জানায়, যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে ঝুঁকির মুখে ফেলে দেয়ায় ট্রাম্পকে একজন অযোগ্য প্রেসিডেন্ট হিসেবে আখ্যায়িত দেন ওবামা।

প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, ওবামা একজন ‘অকার্যকর’ ও ‘ভয়ঙ্কর’ নেতা ছিলেন।

ট্রাম্প বলেন, ‘প্রেসিডেন্ট ওবামা কোনো ভালো কাজ করেননি। তার রেখে যাওয়া এবং মুর্খতাপূর্ণ লেনদেন করার ভয়ঙ্কর চিত্র আমি দেখেছি।’

ওবামার সমালোচনায় ট্রাম্প তার যুক্তি তুলে ধরে বলেন, ‘প্রেসিডেন্ট ওবামা এবং বাইডেনের এমন কর্মকান্ডের কারণেই আমি এখানে এসেছি।’

বুধবার ডেমোক্র্যাটিক পার্টির বার্ষিক কনভেনশনের তৃতীয় দিনে ট্রাম্পের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তব্য দেন ওবামা।

এতে তিনি বলেন, ‘ট্রাম্পের একজন টিভি রিয়েলিটি শো লিডার। মার্কিন গণতন্ত্রের প্রতি তার কোনো সম্মান নেই।’

তার ভাষ্য, ‘সরকার পরিচালনার জন্য ট্রাম্প এখনো অভিজ্ঞ হননি, এ কাজ তিনি পারবেন না।’

সাবেক ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট তার বক্তব্যে ট্রাম্পের অধীনে ভঙ্গুর মার্কিন অর্থনীতির সমালোচনা করেন। 

অর্থনীতিকে পুনরোদ্ধার করতে তিনি আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদে জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট পদে কামালা হ্যারিসকে সমর্থন দেয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

ভোটারদের উদ্দেশে ওবামা বলেন, ‘বাইডেন এবং হ্যারিস এটা নিশ্চিত করবেন যে অর্থনীতি শুধু ধনীদের সুবিধা দিয়ে যাবে না, সাধারণ মানুষের স্বার্থে এটি কাজ করবে।’

২০০৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা। সে সময়ে ভাইস প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন।