ফেইসবুকে শিপ্রাকে নিয়ে মন্তব্যের তদন্ত চেয়ে রিট খারিজ

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানের সহকর্মী শিক্ষার্থী শিপ্রা দেবনাথকে নিয়ে ফেইসবুক পোস্টে আপত্তিকর মন্তব্যের অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে করা রিটটি খারিজ হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি উত্থাপিত হয়নি বলে খারিজ করে দেন।

শিপ্রার ব্যক্তিগত ছবি ফেইসবুকে পোস্ট ও আপত্তিকর মন্তব্য নিয়ে একটি ইংরেজি দৈনিকের প্রতিবেদন যুক্ত করে ১৬ আগস্ট রিটটি করেন আইনজীবী মনোজ কুমার ভৌমিক। 

আদালতে রিটের পক্ষে আবেদনকারী নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন তুষার কান্তি রায়।

তুষার কান্তি রায় বলেন, আইনের দৃষ্টিতে আবেদনকারীর রিটটি চলে না। আবেদনকারী রিটটি না চালানোর কথা জানালে আদালত তা উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন।

আইনজীবী মনোজ কুমার ভৌমিক বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করে রিটটি হাইকোর্টের অন্য বেঞ্চে উপস্থাপন করা হতে পারে।