ডিএনসিসির ১০ দিনের অভিযান, ৬৯১টি স্থাপনায় এডিসের লার্ভা

এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) তৃতীয় পর্যায়ের ১০ দিনের অভিযানে ৬৯১ স্থাপনায় এডিসের লার্ভা পাওয়া গেছে। এ অভিযোগে সংশ্লিষ্ট স্থাপনার মালিকদের বিরুদ্ধে মোট ১০ লাখ ৪ হাজার ৩০০ টাকা জরিমানা করে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত।

বৃস্পতিবার ডিএনসিসির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ডিএনসিসি সূত্র জানায়, গত ৮ আগস্ট থেকে শুরু হওয়া তৃতীয় পর্যায়ের এ চিরুনি অভিযানে মোট ১ লাখ ৩০ হাজার ৯৭৪টি বাড়ি, স্থাপনা ও  নির্মাণাধীন ভবন পরিদর্শন করে মোট ৬৯১টিতে এডিসের লার্ভা এবং ৭৭ হাজার ৩৩২টিতে এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়।

বৃহস্পতিবারের অভিযানের শেষ দিনে ১২ হাজার ৬৭৩টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন পরিদর্শন করে ৫৬টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এছাড়া ৭ হাজার ৫৭৫টি স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এ সময়ে ৯টি মামলায় মোট ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়।