ডেসটিনির রফিকুল আমীনের জামিনের আবেদন খারিজ

অর্থ পাচারের দুই মামলায় ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনের করা জামিনের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে তার এবং অন্যান্য আসামির বিরুদ্ধে বিচারিক আদালতে থাকা অর্থ পাচারের দুই মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে জামিনের আবেদন খারিজ করে এ আদেশ দেয়।

 ভিডিও কনফারেন্সে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। রফিকুল আমীনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

অ্যাডভোকেট খুরশিদ আলম খান দেশ রূপান্তরকে বলেন, ‘অর্থ পাচারের দুটি মামলার একটিতে ইতিমধ্যে ১৫৮ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। অন্য মামলাটিতে পাঁচজনের সাক্ষ্য নেওয়া হয়েছে। বিচারকাজ ছয় মাসের মধ্যে শেষ করতে বলেছে হাইকোর্ট।’