পাটকল রক্ষায় প্রধানমন্ত্রীকে ওয়ার্কার্স পার্টির স্মারকলিপি

রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহার, পাটকল আধুনিকায়ন এবং পাটকে জাতীয় ঐতিহ্য হিসেবে ঘোষণাসহ ১৫ দফা দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার ব্যক্তিগত কর্মকর্তা পিএস-১ এর কাছে স্মারকলিপিটি দেওয়া হয়। এছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউসের ই-মেইলেও স্মারকলিপিটি পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার দলটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এসব তথ্য জানান।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং সাধারণ সম্পাদক বাদশা স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে বলা হয়, রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করার সরকারের এ আকস্মিক সিদ্ধান্ত কেবল পাটশিল্পের জন্যই নয়, সমগ্র পাট খাতের জন্য আত্মঘাতী। পাটকল বন্ধ করার ফলে বাংলাদেশের পাটজাত দ্রব্য আন্তর্জাতিক বাজার হারাবে। সহজে তা আর ফিরিয়ে আনা সম্ভব হবে না।