পদ্মা (আগের ফারমার্স) ব্যাংকের পরিচালনা পর্ষদের নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীর ছেলে রাশেদুল হক চিশতীর জামিন আবেদন মঞ্জুর করেছে আদালত। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের একটি মামলায় ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন।
রাশেদুল হক চিশতীর আইনজীবী গত সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে জামিনের আবেদন করলে শুনানি হয়। আদালত অধিকতর জামিন শুনানির জন্য ২০ আগস্ট দিন ধার্য করে।
এর আগে গত রবিবার একই আদালতে চিশতী ও তার ছেলেকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালত দুদকের আবেদন মঞ্জুর করেন।
এই মামলার প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল গতকাল। দুদক প্রতিবেদন দাখিল না করায় বিচারক প্রতিবেদন দাখিলের জন্য ২৯ সেপ্টেম্বর দিন ধার্য করেন। চারজনের বিরুদ্ধে এই মামলা করেছে দুদক।
গত ২৭ জুলাই দুদক প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদসহ চারজনের বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেন।
মামলার আসামিরা হলেন, পদ্মা ব্যাংকের পরিচালনা পর্ষদের নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী, বকশীগঞ্জ জুট স্পিনার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাশেদুল হক চিশতী, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ও হাসপাতালের এমডি মো. ইব্রাহিম খলিল।