বোনকে আরও বেশি ক্ষমতা ছেড়ে দিলেন কিম জং উন

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার বোনের হাতে আরও বেশি ক্ষমতা দিলেন। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে। 

বিবিসি জানায়, কিম রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব তার বোন কিম ইয়ো জংয়ের হাতে তুলে দিয়েছেন।

এ মাসে রাষ্ট্রীয় দুইটি গুরুত্বপূর্ণ বৈঠকে কিম ইয়ো জংকে দেখা না যাওয়ায় পর্যবেক্ষকেরা ধারণা করেছিলেন, তার পদাবনতি হয়েছে।  

সিউলে পার্লামেন্টে গোয়েন্দা সংস্থার প্রধান জানান, কিম ইয়ো জং জাতীয় নিরাপত্তাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন।

তিনি বলেন, কিম ইয়ো জং এখন উত্তর কোরিয়ার জাতীয় গোয়েন্দা বিভাগের দায়িত্ব ছাড়াও যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া সম্পর্কিত নীতির প্রধান নির্ধারক।

কিমের বোন এখন প্রকৃতপক্ষে উত্তর কোরিয়ার দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি বলে জানান তিনি।

নিজের বোন ছাড়াও বেশ কিছু ক্ষমতা ঘনিষ্ঠ কিছু সহযোগীর হাতেও তুলে দিয়েছেন কিম জং উন

তবে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা প্রধান বলেন, এখনও সামগ্রিক ক্ষমতার শীর্ষে রয়েছেন কিম।

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা মনে করছে, জাতীয় বিভিন্ন নীতির ব্যর্থতার দায় শুধু যেন তার ঘাড়েই না আসে সে কারণেই হয়ত ক্ষমতা কিছুটা ভাগাভাগি করছেন উত্তর কোরিয়ার নেতা।