বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার দুপুর থেকে ২২ ঘণ্টা মাদারীপুরের কাঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিড বোট চলাচল বন্ধ ছিল।
শুক্রবার বেলা ১১টার দিকে ব্যস্ততম নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়। ফেরিতে চাপ থাকায় নদী পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েকশ’ যানবাহন।
জানা গেছে, প্রচণ্ড স্রোত ও নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে লঞ্চ ও স্পিড চলাচল বন্ধ থাকায় যাত্রী চাপ বেড়েছিল ফেরিতে। স্বাস্থ্যবিধি না মেনেই গাদাগাদি করে পার হচ্ছে যাত্রীরা।
এ রুটে ১৬টি ফেরির মধ্যে ৮টি ফেরি ধারণ ক্ষমতার কম যানবাহন নিয়ে যাতায়াত করলেও প্রচুর যাত্রী চাপ রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ফেরি চলাচল বিঘ্নিত হওয়ায় নদী পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েকশ’ যানবাহন।
শিমুলিয়ায় চারটি ফেরি ঘাটের মধ্যে তিনটি ঘাট চালু রয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল। ফেরি চলাচল বিঘ্নিত হওয়ার কারণে দুই পাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েকশ’ যানবাহন।
বিআইডব্লিউটিসি কাঠালবাড়ী ঘাট ম্যানেজার আবদুল আলিম জানান, লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ছিল ২২ ঘণ্টা। এ সময় ফেরিতে যাত্রীদের প্রচুর চাপ ছিল। এখন লঞ্চ ও স্পিড চলাচল শুরু হওয়ায় যানবাহন পারাপার করতে সুবিধা হবে।