মিয়ানমারে করোনা সংক্রমণ রোধে দেশটির রাখাইন রাজ্যের রাজধানী সিত্বে কঠোর কড়াকড়ি আরোপ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।
মিয়ানমার টাইমসের সূত্র এ খবর দিয়েছে কাতারভিত্তিক আলজাজিরা।
রাজ্যটিতে এখন পর্যন্ত নয়জন করোনা রোগী শনাক্ত হয়েছে। প্রায় এক মাস মিয়ানমারে প্রথম করোনা সংক্রমণ ঘটে।
এখন পর্যন্ত দেশটিতে মোট করোনা রোগীর সংখ্যা ৩৯৯ জন। এর মধ্যে মারা গেছেন ৬ জন।
যদিও আন্তর্জাতিক মহলের অভিযোগ, করোনা সংক্রান্ত সঠিক তথ্য দিচ্ছে না মিয়ানমার।
এদিকে বৃহস্পতিবার রাখাইনে সব ধরনের বাস ও বিমান চলাচল স্থগিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গা গোষ্ঠীর অধ্যুষিত হিসেবে পরিচিত এ রাজ্য। ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর এক অভিযানে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।
সংখ্যালঘু গোষ্ঠীটির ওপর গণহত্যা, গণধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ চালানোর অভিযোগ উঠে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে।