চা পানের পর বিষক্রিয়ার কারণে রাশিয়ার বিরোধীদলীয় নেতা আলেক্সেই নাভালনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি করা হলেও চিকিৎসকেরা তা নাকচ করে দিয়েছেন।
সংকটজনক অবস্থায় সাইবেরিয়ার ওমস্কের একটি হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসা চলছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোর সমালোচক নাভালনির। এখন পর্যন্ত চেতনা ফেরেনি তার।
কোমায় থাকা নাভালনির পরিস্থিতি তুলে ধরে হাসপাতালটির উপ-প্রধান চিকিৎসক আনাতোলি কালিনিশেনকো সাংবাদিকদের বলেন, “তার রক্ত ও মূত্র পরীক্ষায় এখন পর্যন্ত কোনো বিষের উপস্থিতি পাওয়া যায়নি।”
“তবে এখনো বিষক্রিয়া শনাক্ত করার ব্যাপারটি আমাদের মাথায় রেখেই পরীক্ষা-নিরীক্ষা চলছে। যদিও আমরা বিশ্বাস করি না যে, এই রোগী বিষক্রিয়ায় ভুগেছিলেন।”
নাভালনির স্বাস্থ্য পরিস্থিতি তার পরিবারকেও জানানো হয়েছে বলে জানালেন ডা. আনাতোলি।
এদিকে রাশিয়ার বিরোধীদলীয় এই রাজনীতিবিদের উন্নততর চিকিৎসার জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছে জার্মান সরকার। কিন্তু রোগীর পরিস্থিতি তেমন ভালো না থাকায় এই মুহূর্তে তাকে স্থানান্তর করা যুক্তিযুক্ত হবে না বলে মনে করেন আনাতোলি।
“রোগীর পরিস্থিতি অস্থিতিশীল। এ ক্ষেত্রে তাকে একেবার না নাড়ানোর পরামর্শ দেওয়া যাচ্ছে।”
বুধবার সকালে উড়োজাহাজে করে সাইবেরিয়ার তমস্ক থেকে রাজধানী মস্কো ফিরছিলেন নাভালনি। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে জরুরি ভিত্তিতে তার বিমানটি পথিমধ্যে ল্যান্ডিং করা হয়।
তার মুখপাত্র কিরা ইয়ারমাইশ বলেছিলেন- “আমাদের অনুমান, আলেক্সিকে বিষপ্রয়োগ করতে তার চায়ের সঙ্গে কিছু মেশানো হয়েছিল। ওই দিন সকালে তিনি শুধু চা পান করেছিলেন। চিকিৎসকেরা জানিয়েছেন, গরম ওই তরলের মাধ্যমে বিষ (শরীরে) দ্রুত শোষিত হয়েছে। আলেক্সি এখন অচেতন অবস্থায় আছেন।”
রুশ সরকারের কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে এবং অপার ক্ষমতাধর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করে সবার মাঝে পরিচিত হয়ে উঠেছেন ৪৪ বছর নাভানলি। এর আগেও তার ওপর অনেক শারীরিক হামলা হয়েছে। ২০১৭ সালে চোখে আঘাতপ্রাপ্ত হন তিনি।