গ্রেনেড হামলায় নিহতদের প্রতি বিএসএমএমইউ উপাচার্যের শ্রদ্ধা

একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

শুক্রবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত বেদিতে ফুল দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।  এ সময় ১ মিনিট নীরবতা পালন করা হয়।

 এ সময় বিএসএমএমইউ’র উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডেন্টাল অনুষদের ডীন অধ্যাপক ডা. গাজী শামীম হাসান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, গ্রন্থাগারিক, হৃদরোগ বিশেষজ্ঞ ও কবি অধ্যাপক ডা. মো. হারিসুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা জানানো শেষে কনক কান্তি বড়ুয়া বলেন, ২০০৪ সালের একুশে আগস্ট বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনাসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে হত্যার সর্বোচ্চ চেষ্টা করে। সেদিন অনেকেই জীবন দিয়ে, কেউ আহত হয়ে এবং দেহরক্ষীরা মানবঢাল তৈরি করে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রক্ষা করেছিলেন।

তিনি বলেন, আজকের দিনে আমাদের দাবি ও শপথ হলো- একুশে আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি প্রদান করাসহ এই মামলার রায় দ্রুত কার্যকর করতে হবে।

এছাড়া গ্রেনেড হামলার নেপথ্যে যারা রয়েছে সেই ঘৃণ্য ষড়যন্ত্রকারীদেরও বিচার করে সেই বিচারের রায়ও দ্রুত কার্যকর করার দাবি জানান বিএসএমএমইউ উপাচার্য।