নায়করাজ বাংলা সিনেমার অহংকার: শাকিব

যতদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের সিনেমা থাকবে ততদিনই তিনি আমাদের সকলের হৃদয়ে অহংকার হয়ে থাকবেন— এ কথা শাকিব খানের।

নায়করাজ রাজ্জাকের তৃতীয় মৃত্যুবার্ষিকী শুক্রবার। এ উপলক্ষে কিংবদন্তি অভিনেতাকে স্মরণ করছেন শাকিব।

নিজের ভ্যারিফায়েড ফেইসবুক পেজে দীর্ঘ পোস্টে রাজ্জাকের অবদান নিয়ে বলেন কিং খান। জানান ব্যক্তিগত সম্পর্কের দিকটিও।

তিনি লেখেন, “আজ শোকের দিন। আজ আমাদের নায়করাজ রাজ্জাকের তৃতীয় মৃত্যুবার্ষিকীর দিন। তিনি আমাদের শোকের সাগরে ভাসিয়ে চলে গেছেন। তাকে হারিয়ে আমাদের চলচ্চিত্র আজ হয়ে আছে অভিভাবকশূন্য।”

“শুরু থেকে যে মানুষটির হাত ধরে বাংলা সিনেমা সমৃদ্ধি পেয়েছে, তিনি হলেন নায়করাজ রাজ্জাক। যতদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের সিনেমা থাকবে ততদিনই তিনি আমাদের সকলের হৃদয়ে অহংকার হয়ে থাকবেন। ইন্ডাস্ট্রির এই খারাপ সময়ে পদে পদে আপনার বড় অভাব অনুভব করি। অফস্ক্রিনে আপনি ছিলেন আমার মাথার ওপরে বিশাল আকাশ। আমাকে ছায়া দিতেন, আগলে রাখতেন, ভালোবাসা দিতেন, পরামর্শ দিতেন। অন্তরের গভীরে আমাকে রাখতেন।”

আরও লেখেন, “অনেকদিন দেখা না হলেও কী করে যেন আপনি বুঝে যেতেন কীসের মধ্যে আছি! আপনাকে হারানো নিজের অভিভাবক হারানোর মতো বেদনা মনে হয়। আমি বিশ্বাস করি, আপনি দৃশ্যমান না থাকলেও আপনার অদৃশ্য স্নেহ সব সময়ই আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করছে। এ জন্য আপনি আমার সকল ভালো কাজের অনুপ্রেরণা। সব সময় মন থেকে আপনার আত্মার শান্তি কামনা করি। শান্তিতে থাকুন আমাদের নায়করাজ।”

অনেক হিট সিনেমায় রাজ্জাক ও শাকিব একসঙ্গে অভিনয় করেছেন। এর মধ্যে আছে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী, জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার, চাচ্চু আমার চাচ্চু, বিয়ে বাড়ী, এক টাকার বউ, বিয়ের প্রস্তাব প্রভৃতি।