২০১৭ সালের ২১ আগস্ট না ফেরার দেশে পাড়ি জমান নায়করাজ রাজ্জাক। নায়করাজের প্রয়াণ দিবসে তাকে স্মরণ করেছেন জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পি।
বাপ্পি বলেন, ‘আমাদের নায়করাজ চলে যাওয়ার তিন বছর পূর্ণ হলো আজ। আমরা গর্বিত যে তার মতো একজন নায়ক আমাদের ইন্ডাস্ট্রিতে এসেছিলেন। আমাদের পথ দেখিয়ে গেছেন। ২০১৭ সালের এই দিনে তিনি চলচ্চিত্র অঙ্গনে বড় এক শূন্যতা তৈরি করে চলে যান।’
চলচ্চিত্রের বর্তমান দুরবস্থার প্রসঙ্গ টেনে বাপ্পি বলেন, ‘ অবশ্য তিনি চলে গিয়ে ভালোই করেছেন! কারণ আজকের তার সবচেয়ে পছন্দের জায়গা এফডিসির যে অবস্থা তা দেখলে অবশ্যই শান্তিতে থাকতে পারতেন না। তাদের দেখানো পথে যে আমরা নানা কারণে চলতে পারছি না, কেউ এগিয়ে আসতে চাইলেও তাকে টেনে ধরে রাখা হচ্ছে, চলচ্চিত্র ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। স্বপ্নের এফডিসি আর চলচ্চিত্রের এমন অবস্থায় আড়ালে গিয়ে হয়তো চোখের পানি ফেলতেন তিনি।’
নায়করাজকে যথাযথ সম্মান দেওয়া হচ্ছে না উল্লেখ করে বাপ্পি বলেন, ‘নায়করাজ চলে যাওয়ার তিন বছর পূর্ণ হওয়ার এ দিনে আরও একটি আক্ষেপ লাগছে। তাকে নিয়ে দেশে কিছুই হলো না। হলো না আমাদের এফডিসিতেও। তার নামে কোন ফ্লোর নেই, নেই কোন ভাস্কর্যও। অথচ তিনি আমাদের নায়করাজ!’