অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন ৭ এলাকা

নওগাঁয় রোগীশূন্য এক অ্যাম্বুলেন্সে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে গেছে অ্যাম্বুলেন্সটি। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে শহরের দয়ালের মোড় কাঁচা বাজারের পাশে সুলতান প্লাজার সামনে এ দূর্ঘটনা ঘটে।

অ্যাম্বুলেন্সের চালক সূত্রে জানা যায়, বুধবার ভাড়া শেষে শহরের দয়ালের মোড় কাঁচা বাজারের পাশে সুলতান প্লাজার সামনে মিলন হোসেন নামের এক ব্যাক্তির অ্যাম্বুলেন্স রাখা ছিল। ভাড়া না হওয়ায় দুই দিন ধরে অ্যাম্বুন্সেটি সেখানেই ছিল।

শুক্রবার ভোরে হঠাৎ বিকট শব্দে অ্যাম্বুলেন্সটিতে বিস্ফোরণে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে অ্যাম্বুলেন্সটি পুড়ে যায়। এ সময় আগুনের তাপ বিদুৎতের তারে লেগে তার পুড়ে যায়। এতে শহরের ৭টি এলাকায় বিদুৎ শুন্য হয়ে যায়। 

নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক এ কে এম মুরশেদ লাকী দেশ রূপান্তরকে জানান, শুক্রবার ভোরে দয়ালের মোড় কাঁচা বাজারের পাশে অ্যাম্বুলেন্সে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু অ্যাম্বুলেন্সটি তার আগেই প্রায় অংশ পুড়ে গেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।