কিছুদিন আগে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব ফ্লুমিনেন্স থেকে ধারে প্লেমেকার রবসন আজেভেদো দা সিলভা রবিনহোকে চুক্তিবদ্ধ করেছিল বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। দলটির সমর্থকরা অপেক্ষায় ছিলেন আর্জেন্টাইন তারকা হার্নান বার্কোসের সঙ্গে রবিনহোর রসায়নটা কেমন হয় দেখতে। এবার তাদের জন্য আরেক সুসংবাদ দিয়েছে এএফসি কাপের জন্য প্রস্তুতি শুরু করা দলটি। গতকাল তারা নিশ্চিত করেছে আরেক ব্রাজিলিয়ানকে। তিনি জোনাথন দা সিলভেইরা ফার্নান্দেজ। ব্রাজিলের শীর্ষ লিগের দল বোতাফোগো থেকে ধারে এই অ্যাটাকিং মিডফিল্ডার অচিরেই জোগ দিচ্ছেন কিংস ব্যাটালিয়নে।
কিংস সভাপতি ইমরুল হাসান জানালেন, ফার্নান্দেজকে তারা চূড়ান্ত করেছেন উজবেক ফরোয়ার্ড বখতিয়ার দুইশবেখভের স্থলে। তার দাবি ‘ফার্নান্দেজের বিশেষত্ব হচ্ছে, সে নিচ থেকে খেলাটা গোছাতে পারে। বলের জোগানে আমাদের বিশ্বাস ও বখতিয়ারের চেয়েও ভালো হবে।’ ফার্নান্দেজকে নিয়ে এখন কিংসে বিদেশির সংখ্যা তিন। শোনা যাচ্ছে, বিদেশি কোটা পূরণে অস্ট্রেলিয়ান এক ডিফেন্ডারের সঙ্গে প্রায় কথা পাকা করে ফেলেছে ক্লাবটি। ২৫ বছরের ফার্নান্দেজ বোতাফোগোতেই বেড়ে উঠেছেন ১০ বছর বয়স থেকে। ক্লাবটির শীর্ষ দলে সুযোগ পান ২০১৫ সালে। তবে ২০১৮ সাল থেকে তিনি ধারে খেলছেন বিভিন্ন দলে। সর্বশেষ সাও বেন্তোর হয়ে খেলা ফার্নান্দেজ ২৩ অক্টোবর থেকে মালদ্বীপে এএফসি কাপের গ্রুপপর্বের বাকি ম্যাচ খেলতে যাওয়া কিংসের শক্তি অনেক বাড়াবে, এটা বলাই যায়।