নিকলী উপজেলা চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদ

কিশোরগঞ্জের নিকলী উপজেলা পরিষদ চেয়ারম্যানের ওপর সন্ত্রাসী হামলা, গাড়ি ভাঙচুর ও বিভিন্ন মিডিয়ায় ‘মিথ্যা খবর’ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে নিকলী উপজেলা চেয়ারম্যান এ এম রুহুল কুদ্দুস ভূঞা জনি এই সংবাদ সম্মেলন করেন।

এ সময় লিখিত বক্তব্যে জনি বলেন, ‘গত ২৬ জুলাই সাবেক উপজেলা চেয়ারম্যান কারার সাইফুল ইসলামের নির্দেশ ও উপস্থিতিতে তারই সন্ত্রাসী বাহিনী আমার ওপর হামলা চালায়। এ সময় পরিষদের সরকারি গাড়ি ভাঙচুর করে তারা। এ ঘটনায় ওই দিনই হামলাকারীদের বিরুদ্ধে মামলা করি আমি। কিন্তু আসামিদের গ্রেপ্তারে নীরব ভূমিকা পালন করছে পুলিশ। এ ছাড়া সংবাদকর্মীদের মিথ্যা তথ্য দিয়ে গাড়ি ভাঙচুরের ঘটনাটি উল্টো আমার বিরুদ্ধেই সংবাদ প্রচার করান সাইফুল। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।’ সংবাদ সম্মেলনে নিকলী উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন ইউনিটের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।