রাজধানীর কামরাঙ্গীরচরে বাসা থেকে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। গতকাল বিকেল ৫টার দিকে সানজিদা হক দোলন (১৫) নামে স্কুলছাত্রীকে ফ্যানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্কুলছাত্রীর একাধিক স্বজন দেশ রূপান্তরকে জানান, দোলন স্থানীয় সূচায়ন নামে একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। নোয়াখালীর চাটখিল উপজেলার খালিপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে সে। পরিবারের সঙ্গে কামরাঙ্গীরচর মুন্সিহাটি নার্সারি গলির জাহিদ মিয়ার পঞ্চম তলা বাড়ির পঞ্চম তলাতেই ভাড়া থাকত। তিন ভাইবোনের মধ্যে দোলন ছিল মেজো।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা বাবা বাবুল মিয়া জানান, শুক্রবার বিকেলে দোলন বোরকা পরে সেজেগুজে তৈরি হয় বাইরে ঘুরতে যাওয়ার জন্য। একা একা কোথায় ঘুরতে যাবে জানতে চাইলে বাবার সঙ্গে তার রাগারাগি হয়। বাবা তাকে বাইরে যেতে নিষেধ করলেও সে না মানায় বাবা তাকে কয়েকটা চড়থাপ্পড় দেয়। এতে অভিমান করে রুমের দরজা বন্ধ করে দিয়ে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। পরে অনেক চেষ্টা করে দরজা ভেঙে স্বজনরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে মৃত ঘোষণা করেন।