পল্লবীতে কীটনাশক পানে গৃহবধূর ‘আত্মহত্যা’

রাজধানীর মিরপুরে পল্লবীতে তেলাপোকা মারার ওষুধ খেয়ে রুবিনা আক্তার (২৬) নামে এক গৃহবধূ ‘আত্মহত্যা’ করেছেন বলে জানা গেছে।

গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে ওই গৃহবধূকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রুবিনা আক্তারের স্বামী রুবেল হোসেন পেশায় নিরাপত্তাপ্রহরী। তিনি দেশ রূপান্তরকে জানান, তারা মিরপুর ১১ নম্বর সেকশনের ব্লক সি, ২৫ নম্বর লাইনের একটি বাসায় ভাড়া থাকেন। তাদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। গত বৃহস্পতিবার রাতে পারিবারিক বিষয়াদি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে রাতের খাবার খেয়ে তারা ঘুমাতে যান। সকাল ৭টার দিকে তিনি ঘুম থেকে উঠে দেখেন একই বিছানায় অচেতন অবস্থায় শুয়ে আছে তার স্ত্রী রুবিনা। তার মুখ দিয়ে লালা পড়ছে। এতে তার সন্দেহ হয়। দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, আগেই তার মৃত্যু হয়েছে।