নরসিংদীতে আবাসিক হোটেলে স্বামীর হাতে স্ত্রী খুন

নরসিংদীর পৌর শহরের আল মামুন আবাসিক হোটেলে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে বলে খবর পাওয়া গেছে।

শনিবার দুপুর একটার দিকে সদর রোডের আল মামুন হোটেলে এই ঘটনা ঘটে। পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহত রেশমা আক্তারের (২৫) স্বামী সামসুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে বি-বাড়িয়ার নবিনগর উপজেলার রহমান বাড়ির সামসুল হক তার স্ত্রী রেশমাকে নিয়ে সদর রোড এলাকার আল মামুন হোটেলে ওঠেন।

দুপুর একটার দিকে রুমের ভেতর থেকে চিৎকার ও ধস্তাধস্তির শব্দ পাওয়া যায়। পরে হোটেলের লোকজন এগিয়ে গেলেও দরজা খোলেননি। অবস্থা বেগতিক দেখে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ এসে হোটেলের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় রেশমাকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় নিহতের স্বামী সামসুল হককে গ্রেপ্তার করে পুলিশ।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিপ্লব কুমার দত্ত জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড হয়েছে। ঘটনাস্থল থেকে স্বামী সামসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।