নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সাঁতার কেটে খাল পার হতে গিয়ে নিখোঁজ দিনমজুরের সন্ধান মেলেনি পরের দিনও। নিখোঁজ দিনমজুর বকুল মিয়া (৩৫) উপজেলার সদর ইউনিয়নের নয়ানগর গ্রামের মৃত খোকনের ছেলে।
শনিবার সকাল থেকে উদ্ধার অভিযান পরিচালনা করে বকুলের সন্ধান না পেয়ে দুপুর ১টার দিকে উদ্ধার অভিযান সমাপ্তি করে ময়মনসিংহ থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
গত শুক্রবার রাত ১১টার দিকে দিনমজুর বকুল মিয়া কলমাকান্দা বাজার থেকে তার বাড়ী নয়ানগর গ্রামে যাওয়ার পথে চান্দুয়াইল গ্রাম সংলগ্ন জিয়া খালে সাঁতার কেটে পার হচ্ছিলেন। সাঁতরে পাড়ি দিতে গিয়ে খালের পানিতে তিনি তলিয়ে যান।
এ সময় সঙ্গে থাকা অন্যান্যরা তার সন্ধান না পেয়ে আশপাশের লোকজনের সহায়তায় অনেক চেষ্টা করেও রাতে তার কোনো সন্ধান করতে পারেনি। খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থলে কলমাকান্দা ফায়ার সার্ভিসের লোকজন ও থানা পুলিশ ঘটনাস্থলে আসেন।
কলমাকান্দা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আব্দুল কাদির জানান, রাতেই ঘটনাস্থল গিয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়। ডুবুরি দলটি শনিবার সকাল থেকে দিনমজুর বকুলকে উদ্ধারে চেষ্টা করে তাকে না পেয়ে দুপুর ১টার দিকে উদ্ধার অভিযান সমাপ্তি করা হয় বলে তিনি জানান।