নিলামে বিশাল অঙ্কের অর্থে বিক্রি হলো ভারতের স্বাধীনতার নায়ক মহাত্মা গান্ধীর ব্যবহার করা একটি চশমা। ব্রিটেনে অনুষ্ঠিত নিলামে স্বর্ণের ফ্রেমের আইকনিক চশমাটির চূড়ান্ত দাম ওঠে ৩ লাখ ৪০ হাজার ডলার।
নিলাম আয়োজন প্রতিষ্ঠান ইস্ট ব্রিস্টল অকশন্স শুক্রবার রাতে এক ইনস্টাগ্রাম পোস্টে লিখেছে- “মাত্র চার সপ্তাহ আগে আমরা চশমাটি আমাদের লেটারবক্সে পেয়েছিলাম। এক ভদ্র লোক এগুলো রেখে যান, ওই লোকের চাচাকে গান্ধী নিজে এগুলো দিয়েছিলেন।”
“নিলামে অবিশ্বাস্য নিদর্শনটির অসামান্য ফল পাওয়া গেছে! নিলামে যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ।”
পুরোনো বা অপ্রয়োজনীয় চশমা যাদের দরকার বা যাদের কিছুটা হলেও উপকারে আসবে তাদের দিয়ে দিতেন অহিংস আন্দোলনের পথিকৃৎ গান্ধী।
গান্ধী ১৯২০ ও ৩০ এর দশকে দক্ষিণ আফ্রিকায় ব্রিটিশ পেট্রোলিয়ামের হয়ে চাকরি করার সময় ওই বিক্রেতার চাচাকে চশমাটি দিয়ে থাকতে পারেন বলে নিলাম আয়োজন প্রতিষ্ঠানটির ধারণা।
চশমাটির ভিত্তিমূল্য ধরা হয়েছিল ১৫ হাজার ব্রিটিশ পাউন্ড (১৯ হাজার ৬৩৪ ডলার)। শেষ পর্যন্ত তা ৩ লাখ ৪০ হাজার ডলারে পৌঁছায়।
এর আগে চলতি মাসের শুরুতে নিলামকারী অ্যান্ড্রু স্টো স্কাই নিউজকে জানিয়েছিলেন, এক ভেন্ডর ভদ্রলোক তার রেখে যাওয়া জিনিসপত্র কিছু না পাওয়া গেলে এসব ফেলে দিতে বলেছিলেন। পরে যখন শুনেছিলেন এসবের মূল্য হতে পারে ১৫ হাজার পাউন্ড, তখন তিনি বিস্মিত হয়ে পড়েছিলেন।