করোনা বড় ধাক্কা দিয়েছে বিশ্ব অর্থনীতিতে। বিশ্বজুড়েই কত মানুষ কর্ম হারিয়েছেন। ক্রিকেটেও যার আঁচ লেগেছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ইতিমধ্যে কর্মী ছাঁটাই করেছে। কিছু কর্মীর বেতনও কমানো হয়েছে। শোনা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) এবার একই পথে হাঁটতে যাচ্ছে।
এই মুহূর্তে সফলভাবে আইপিএল আয়োজনের চিন্তায় ব্যস্ত বিসিসিআই। করোনা পরিস্থিতিতে এবার সংযুক্ত আরব আমিরাতে হবে আইপিএল। নানা শঙ্কা কাটিয়ে আসর মাঠে গড়াচ্ছে বলে বিসিসিআই কর্তাদের মুখে হাসি। কিন্তু কর্মীরা আছে চিন্তায়।
কারণ আর কিছু নয়। বিসিসিআইয়ের কর্মীদের বেতন হ্রাস ও ছাঁটাইয়ের পথে হাঁটার খবরই চিন্তার ভাঁজ ফেলেছে তাদের। বিসিসিআই এখনো সে পথে না হাঁটলেও বোর্ডের এক কর্তা জানিয়েছেন, এবার তারা এমন কিছু করতে বাধ্য হতে পারেন।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে উঠে এসেছে, আইপিএল স্পনসরদের থেকে এবার এমনিতেই আয় কমে গেছে বোর্ডের। সঙ্গে মাঠে থাকবে না দর্শক উপস্থিতি। তাই বোর্ডের কোষাগারেও আগের চেয়ে অর্থ অনেক কম পড়বে।
বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল আগেই জানিয়েছিলেন, এবার তারা খরচ কমাবেন। আর তাই বোর্ড কর্তা ও ক্রিকেটারদের সফরে বেশ কিছু পরিবর্তন করা হয়েছিল। আরো বেশ কিছু জায়গা থেকে খরচ কমানোর কথা ভাবছেন তারা।
বোর্ডের এক কর্তা জানিয়েছেন, এত দিন পর্যন্ত তারা কোনো আলোচনায় কর্মী ছাঁটাই বা বেতন হ্রাস নিয়ে আলোচনা করেননি। তবে এখন পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে কর্মী ছাঁটাই, বেতন হ্রাস করতে পারে বিসিসিআই। আইপিএলের ওপর অনেক কিছু নির্ভর করছে বলেও প্রতিবেদনে উঠে এসেছে।