কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে কাঁটাতারের বেড়ার বাইরে ভারতীয় নাগরিকদের বাড়ি-ঘরে বাংলাদেশিদের অবাধ যাতায়াত আছে। আছে আত্মীয়তা আর সামাজিকতাও। নামাজ পড়েন একই মসজিদে। বিষয়টি অবৈধ হলেও, দুই দেশের সীমান্তরক্ষীরা বিষয়টি জেনেও না জানার ভান করতেন। কিন্তু বিধি বাম হলো দুই বাংলাদেশি নির্মাণ শ্রমিকের।
ভূরুঙ্গামারী উপজেলার ময়দান সীমান্তে এক ভারতীয় নাগরিকের বাড়িতে কাজ করার সময় আটক হয়েছেন ২ বাংলাদেশি নির্মাণ শ্রমিক। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ভারতের দীঘলটারী বিএসএফ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করা হয়।
বিএসএফ এর হাতে আটক বাংলাদেশিরা হলেন, ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানী গ্রামের সোহরাব আলীর পুত্র রাজমিস্ত্রি শামীম হোসেন (২৬) ও মো. হামিদুল ইসলামের পুত্র শাহজালাল মিয়া (১৭)।
স্থানীয় ও আটকদের পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১২ টার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৬ পিলারের অদূরে, ভারতের অভ্যন্তরে কুচবিহার জেলার দিনহাটা থানার দীঘলটারী গ্রামের মৃত হাসু ডাকাতের পুত্র নাজির হোসেনের বাড়ির গেট নির্মাণের কাজ করছিল ওই দুই শ্রমিক। এই বাড়িটি ভারতীয় অংশে হলেও, তা ছিল কাঁটাতারের বেড়ার বাইরে। ফলে সীমান্তরক্ষীদের ফাঁকি দিয়ে, দুই দেশের এসব পরিবারের মধ্যে অবাধ যাতায়াত ছিল। কিন্তু ওই দিন তাদের ভারতে প্রবেশ ও কাজ করার খবর ভারতের দীঘলটারী বিএসএফ ক্যাম্পের টহলরত বিএসএফ এর কাছে পৌঁছালে, তারা ভারতীয় অংশের নজির হোসেনের ওই বাড়ি ঘেরাও করে তাদের আটক করে।
ওই দুই নির্মাণ শ্রমিক প্রতিদিন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ওই বাড়িতে কাজ করে আসছিল জানা গেছে।
কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল জামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোন প্রকার সাড়া পাওয়া যায়নি।