বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের মেয়ের ছবির নিচে কুরুচিপূর্ণ মন্তব্যকারী ছয়জনকে শনাক্ত করেছে পুলিশ। তাদের আটক করতে অভিযান পরিচালনা করছে পুলিশের একাধিক দল।
শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম বিভাগের অতিরিক্ত উপকমিশনার নাজমুল ইসলাম বলেন, ‘সাকিব আল হাসানের কন্যার একটি ছবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। বিষয়টি আমাদের নজরে এসেছে। ইতিমধ্যে ৬টি আইডি শনাক্ত করা হয়েছে। শনাক্ত হওয়া আইডিগুলো ঢাকার বাইরের। তাদের আটক করতে আমাদের টিম কাজ করছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে’।
তিনি বলেন, আমরা সবার জন্য সাইবার জগৎ নিরাপদ রাখতে চাই। এ জন্য আমাদের টিম সার্বক্ষণিকভাবে সাইবার পেট্রলিং করে থাকে। ভবিষ্যতে যারা এ ধরনের কাজ করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ভেরিফায়েড ফেইসবুক পেজ থেকে তাদের শিশু কন্যার একটি ছবি পোস্ট করেন। হাস্যোজ্জ্বল ওই ছবিতে বেশ কয়েকজন কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এ ধরনের মন্তব্যকারীদের গ্রেপ্তার দাবি করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা।
তদন্ত সংশ্লিষ্ট সাইবার পুলিশের সদস্যরা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনায় জড়িত অনেকগুলো নাম ভাসছে, সেগুলো আমরা আমলে নিচ্ছি। সেগুলো ভুয়া আইডি হতে পারে, আবার কাউকে ফাঁসানোর জন্য উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে। তাই প্রযুক্তির জায়গা থেকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করছি। তবে যারা এ ধরনের মন্তব্য করেছেন, তাদের পালানোর সুযোগ নেই। কারণ তাদের ফুটপ্রিন্ট রয়ে গেছে।
তারা বলেন, এ ধরনের মন্তব্য করা ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্নোগ্রাফি আইনে অপরাধ। যারা এই কাজটি করেছেন তাদের আটকের চেষ্টা চলছে। এর বাইরে যারা বিভিন্ন মানুষের পোস্টে বাজে বা আপত্তিকর মন্তব্য করেন তাদের জন্য এটা হুঁশিয়ারি।