আন্তর্জাতিক একটি আলোকচিত্র প্রতিযোগিতায় ২০২০ সালের সেরা পুরস্কার জিতেছেন হবিগঞ্জের আলোকচিত্রী শাহেদ আহমেদ। স্পেনের বার্সেলোনা থেকে পরিচালিত ‘আগোরা’ প্রতি বছর বিভিন্ন বিষয়ের ওপর আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করে। আগোরার প্রতিষ্ঠাতা ও সিইও অক্টাভি রয়োও ই-মেইলে শাহেদকে এ খবরটি জানিয়েছেন। প্রতিযোগিতায় এবারের বিষয় ছিল ‘কিস’। এ বিষয়ের ওপর সারা পৃথিবী থেকে কয়েক হাজার ছবি জমা পড়ে। সেখান থেকে বিচারকমন্ডলী সেরা পঞ্চাশটি ছবি নির্বাচন করেন। বিচারকদের নির্বাচিত সেই পঞ্চাশটি ছবি ছেড়ে দেওয়া হয় অনলাইন ভোটের জন্য। চূড়ান্ত পর্বে শাহেদের ছবিটি সর্বাধিক ভোটে বিজয়ী হয়। সেরা পুরস্কার বিজয়ী আলোকচিত্রীকে আগোরা ১ হাজার ডলার প্রাইজমানি দিয়ে থাকে। শহরের অনন্তপুর এলাকার আফাজ উদ্দিন ও শাহিনা দম্পত্তির দুই ছেলের মধ্যে শাহেদ ছোট।