নীলফামারীর ডোমারে কলেজছাত্রী ধর্ষণের মামলায় যুবক অনুকুল চন্দ্র রায়কে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত শুক্রবার রাতে উপজেলার হরিণচড়া ইউনিয়নের দোলাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ডোমার থানার পরিদর্শক (তদন্ত) বিশ্ব দেব রায়।
মামলার বিবরণ থেকে পুলিশ জানায়, কলেজের ছাত্র অনুকুল চন্দ্র রায় প্রায় সাত বছর যাবৎ তার সহপাঠীকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করে। গত ২০ আগস্ট অনুকুল মেয়েটির বাড়িতে গেলে সে তাকে বিয়ের কথা বলে। কিন্তু অনুকুল এতে কর্ণপাত না করে মেয়েটিকে বাড়িতে একাকী পেয়ে আবার ধর্ষণ করে। এ অবস্থায় মেয়েটি এলাকাবাসীর সহযোগিতায় অনুকুলকে আটক করে শুক্রবার রাতে ডোমার থানায় লিখিত অভিযোগ দেয়। পুলিশ রাতেই অনুকুলকে থানায় নেয়। ডোমার থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায় বলেন, ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে হাসপাতালে পাঠানো হয়েছে।