পিএসজি আর নেইমারের মেলবন্ধনটা শুধুই চ্যাম্পিয়নস লিগ জুড়ে। বিশ্বরেকর্ড ফিতে বার্সেলোনা থেকে কেনার সময় থেকেই একমাত্র চ্যাম্পিয়নস লিগের জন্য তাকে কেনা হয়েছে বলা হচ্ছিল। কিন্তু গত দু’বছরে সে রকম কিছুই করতে পারেননি নেইমার। বরং পিএসজিতে এসেই অস্থির হয়ে উঠেছিলেন বার্সেলোনায় ফেরার জন্য। তাই নেইমার-পিএসজি এক অন্যরকম নাটকের নাম। সেই নাটক এ বছরের শুরুতে শেষ হয়েছে। নেইমার পিএসজিতেই স্থির হয়েছেন। আর এবার তাকে কেনার যে মূল কারণ সেই চ্যাম্পিয়নস লিগের ফাইনালে দলকে তুলতে দারুণ ভূমিকা রেখেছেন এই ব্রাজিলিয়ান। তাই প্রথম চ্যাম্পিয়নস লিগের স্বপ্নে স্থির নেইমারে ভরসা রাখছে পিএসজি। চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতে নিজেকে প্রমাণের সুযোগ নেইমারের। বিশ্বসেরা দুই তারকা মঞ্চে নেই। বার্সেলোনার লিওনেল মেসি ও জুভেন্তাসের ক্রিশ্চিয়ানো রোনালদো ফাইনালের আগেই বিদায় নিয়েছেন। তাদের সঙ্গে নিজেকে বিশ্বসেরার কাতারে তুলতে এটাই মোক্ষম সুযোগ নেইমারের। সেই সঙ্গে ব্যালন ডিঅরের দাবিদার করে তোলারও।
এক মৌসুম আগেও নানা কারণে পিএসজির সবকিছুর কেন্দ্রে ছিলেন নেইমার। কিন্তু তা কখনই ফুটবলীয় সাফল্যের কারণে নয়। এবার সেই অবস্থা নেই। নেইমার পিএসজিতে এখন দারুণ সুখী। সবচেয়ে কাছের বন্ধু এমবাপে বলেন, ‘আমরা খুব ভালো জুটি হয়ে উঠেছি। আমাদের বয়স প্রায় কাছাকাছি। আমরা নিজেদের বুঝছি, নিজেদের মধ্যে অনেক আলোচনা করি। আমরা বুঝেছি একা জেতানোর চেয়ে দল হয়ে জেতানোটা সহজ। এজন্য আমরা অন্যদের নিয়েও অনেক চিন্তা করি।’