রাজধানীর যাত্রাবাড়ীতে মফিজুর রহমান (৪২) নামে জাল সনদ তৈরি চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। গত শুক্রবার রাতে সায়েদাবাদ হুজুরের বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মফিজুর চাঁদপুর সদর উপজেলার প্রয়াত ইদ্রিস খানের ছেলে।
শনিবার গণমাধ্যমে পাঠানো র্যাব-১০-এর একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদে ঘটনাস্থলে অভিযান চালিয়ে মফিজুরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৮টি ভুয়া সার্টিফিকেট, ১৩টি নকল জাতীয় পরিচয়পত্র, একটি কম্পিউটার, একটি প্রিন্টার, একটি স্ক্যানার, একটি মোবাইল ফোন ও নগদ ৩০ হাজার ২৫০ টাকা জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে মফিজুর জানায়, টাকার বিনিময়ে দীর্ঘদিন ধরেই এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম ও বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সনদ এবং জাতীয় পরিচয়পত্র, প্রশংসাপত্র ও বিভিন্ন ধরনের দলিল তৈরি করে আসছেন তিনি। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে।