সংবাদপত্র শিল্প অস্তিত্ব রক্ষার সংকটে উল্লেখ করে এ শিল্পকে রাষ্ট্রের প্রয়োজনেই রক্ষা করার আহ্বান জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি। গতকাল শনিবার দলটির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন তালুকদার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে তারা বলেন, আধুনিক রাষ্ট্র, সমাজ, সংস্কৃতি ও গণতন্ত্র বিকাশে সংবাদপত্র শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে। ভবিষ্যতে সংবাদপত্র শিল্পকে গণমানুষের স্বার্থ রক্ষায় আরও দক্ষ ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। কভিড-১৯ মহামারীর কারণে সাংবাদিকতার ইতিহাসে বৃহত্তম অস্তিত্ব সংকট সৃষ্টি হয়েছে। বাংলাদেশ সংবাদপত্র শিল্প দারুণ সংকটে নিপতিত। ইতিমধ্যেই সারা দেশে ২৫৪টি সংবাদপত্রের প্রকাশনা বন্ধ হয়ে গেছে। পত্রিকাগুলোর বিজ্ঞাপন শূন্যের কোঠায় নেমেছে। ফলে প্রচুর আর্থিক লোকসান গুনতে হচ্ছে। ইতিমধ্যে কয়েকটা পত্রিকা মুদ্রণ সংস্করণ বন্ধ করতে বাধ্য হয়েছে। যদিও বাংলাদেশে করোনাকালে সংবাদের চাহিদা কমেনি বরং বেড়েছে। তারা বলেন, শ্রম আইন অনুসারে সংবাদপত্রকে সেবা শিল্প ঘোষণা করা হয়েছে।