করোনা জয়ের ২০ দিন পর আগুনে প্রাণ গেল প্রকৌশলীর

প্রাণঘাতী করোনাভাইরাসকে (কভিড-১৯) কিছুদিন আগে হারিয়েছিলেন দুই প্রকৌশলী। কিন্তু দুজনের মধ্যে একজন শেষ পর্যন্ত আগুনের কাছে পরাস্ত হলেন।

ভারতের তেলেঙ্গানার শ্রীসাইলামে জলবিদ্যুৎ কেন্দ্রে বিধ্বংসী আগুনে দমবন্ধ হয়ে মৃত্যু হয় ইঞ্জিনিয়ার সুন্দর নায়কের। এ যাত্রায় ভাগ্যক্রমে বেঁচে গেছেন তার সহকর্মী পবন কুমার।

সংবাদ প্রতিদিন জানায়, শুক্রবারের ওই ভয়াবহ দুর্ঘটনায় নয়জনের মৃত্যু হয়। তাদের মধ্য ছিলেন করোনা জয়ী সুন্দরও। আগুনে দমবন্ধ হয়ে মারা যান তিনি।

জানা গেছে, সহকারী ইঞ্জিনিয়ার সুন্দর নায়ক গত মাসে কভিড পজিটিভ হন। তারপর সুস্থ হয়ে ২০ দিন আগে কাজে যোগ দেন। পবন কুমার কভিড জয় করে ১৫ দিন আগে কাজে যোগ দেন। কিন্তু মাঝে ১০ দিনের ছুটি নেন। কারণ, তার মা কভিড আক্রান্ত হন।

শুক্রবার দুর্ঘটনার সময়ে দুজনই জলবিদ্যুৎ কেন্দ্রে আটকা পড়েছিলেন। ভাগ্যক্রমে পবন আগুন থেকে পালিয়ে বাঁচেন। কিন্তু তার সহকর্মী সুন্দর মারা যান।

প্রসঙ্গত, অন্ধ্রপ্রদেশ-তেলেঙ্গানা সীমান্তে শ্রীসাইলামের জলবিদ্যুৎ কেন্দ্রে শর্টসার্কিট থেকে আগুন ধরে যায়। ওই সময় সেখানে অন্তত ২০ জন কর্মী কর্মরত ছিলেন।

আগুন লাগার পর ১০ জনকে দ্রুত উদ্ধার করা গেলেও বাকি ১০ জন দীর্ঘক্ষণ সেখানে আটকে ছিল। তাদের মধ্যে নয়জনের মৃত্যু হয়। একজন প্রাণে বেঁচে ফেরেন। উদ্ধার হওয়াদের ছয়জন হাসপাতালে ভর্তি রয়েছেন।