গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে পালানো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি আবু বকর সিদ্দিকের (৩৪) ১৭ দিনেও সন্ধান মেলেনি। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। গত ৬ আগস্ট পালিয়ে যান আবু বকর।
এ ঘটনায় এরই মধ্যে দায়িত্বে অবহেলার কারণে প্রধান কারারক্ষীসহ ১২ জনকে সাময়িক বরখাস্ত ও ছয়জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। কোনাবাড়ী থানার ওসি এমদাদুল হোসেন বলেন, কয়েদি আবু বকরকে রবিবার পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি। তবে অভিযান অব্যাহত রয়েছে।
আবু বকর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাদ চণ্ডীপুর এলাকার তেছের আলী গাইনের ছেলে। তিনি ২০১১ সালে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে এসেছিলেন একটি হত্যা মামলার ফাঁসির আসামি হিসেবে। ২০১২ সালের ২৭ জুলাই তার সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয় উচ্চ আদালত। কাশিমপুর কারাগারে তার কয়েদি নং ৭৯৩৪/এ।
কারা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৩ মে সন্ধ্যায় আবু বকর আত্মগোপন করে সেল এলাকায় সেপটিক ট্যাংকের ভেতরে লুকিয়ে ছিলেন। পরদিন তাকে কারাগারের ৪০ সেল এলাকার ট্যাংকের ভেতর থেকে উদ্ধার করা হয়। এ ঘটনার পর কিছুদিন তাকে শিকল পরিয়ে রাখা হতো। এতে তিনি মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েন। পরে তাকে শিকলমুক্ত করে দেওয়া হয়। কারা চত্বরে তিনি অন্যদের সঙ্গে কাজকর্ম করতেন। ৬ আগস্ট সন্ধ্যায় অন্যদের সঙ্গে মুক্ত ছিলেন আবু বকর। পরে বন্দিদের গণনাকালে তাকে পাওয়া যায়নি।