কুমিল্লা সিটি করপোরেশনের নির্মাণাধীন ঢাকনাবিহীন ড্রেনে পড়ে রবিন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর কোটবাড়ী রোডের চাঙ্গিনী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
রবিন (৬) জেলার চান্দিনা উপজেলার কেশেরা গ্রামের মো. সুমন মিয়ার ছেলে। সে কুমিল্লা কোটবাড়ী চাঙ্গিনী এলাকায় মামার বাড়িতে বেড়াতে এসেছিল।
রবিনের মা রোজিনা বেগম জানান, রবিন অন্য শিশুদের সঙ্গে সড়কের পাশে খেলতে যায়। এ সময় সে ঢাকনাবিহীন ড্রেনে পড়ে যায়। কিছু সময় পর খুঁজতে গিয়ে দেখি রবিনের মরদেহ ড্রেনের পানিতে ভাসছে।
স্থানীয়রা জানান, সিটি করপোরেশনের ২৩নং ওয়ার্ডে সড়কের পাশে নির্মাণ করা ড্রেনের ওপরে অধিকাংশ স্থানে দীর্ঘদিন ঢাকনা দেওয়া হয়নি। আগেও ঢাকনাবিহীন এই ড্রেনের ওপর দিয়ে হাঁটতে গিয়ে অনেকেই আহত হয়েছেন। ঠিকাদার সময়মতো কাজ করছে না, এ জন্য অনেক স্থানে স্ল্যাব দেয়নি। এ নিয়ে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে।
এ বিষয়ে কোটবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই মহসিন জানান, ঢাকনা না থাকায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।