মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী বেগম আইভি রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় তিনি গুরুতর আহত হন। পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিন দিন লড়ে ২৪ আগস্ট মারা যান।
প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ভৈরব উপজেলা ও শহর আওয়ামী লীগ নানা কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মধ্য রয়েছে ভৈরব বাজারে দলীয় কার্যালয়ে বাদ ফজর হতে মিলাদ, দোয়া ও কোরআন খতম। সকাল ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব ট্রমা সেন্টারসংলগ্ন আইভি রহমানের স্মৃতিভাস্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণ। পরে সকাল ১০টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা।
এছাড়া মরহুমার বাবার বাড়ি ভৈরব শহরের চণ্ডিবের ও ভৈরবপুরস্থ শ্বশুরবাড়িতে মিলাদ, দোয়া ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।