সোনারগাঁয়ে নদী থেকে বালু উত্তোলন বন্ধে স্মারকলিপি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীর নুনেরটেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এলাকাবাসীর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছেন বারদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহিরুল হক।

গতকাল রবিবার দুপুরে সোনারগাঁ উপজেলা পরিষদ কার্যালয়ে এলাকাবাসীর পক্ষে ইউপি চেয়ারম্যান এ স্মারকলিপি দেন। স্মারকলিপি থেকে জানা গেছে, বারদী ইউনিয়নের মেঘনা নদী পরিবেষ্টিত ৬ নম্বর ওয়ার্ডের নুনেরটেক, রঘুনার চর, গুচ্ছগ্রাম, সবুজবাগ ও শান্তিবন গ্রামের পাশ্ববর্তী মেঘনা নদীতে মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউপির চেয়ারম্যান লতিফ সরকার ও তার লোকজন রাতে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। এতে করে নুনেরটেক এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। ফলে বসতবাড়ি ও কৃষিজমি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। বালু উত্তোলন বন্ধে প্রতিবাদ করলে সন্ত্রাসী বাহিনী দিয়ে গ্রামবাসীর ওপর হামলা করছে লতিফ সরকারের লোকজন। এছাড়া মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে লতিফ সরকার বলেন, ‘আমি নির্দিষ্ট ইজারামূল্য দিয়ে বালু মহাল ইজারা নিয়ে বালু উত্তোলন করছি। নুনেরটেক এলাকায় বালু উত্তোলন করিনি।’ সোনারগাঁ ইউএনও আতিকুল ইসলাম বলেন, নুনেরটেক এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন যেকোনো মূল্যে বন্ধ করা হবে। ইতিমধ্যে এসিল্যান্ডকে বালু উত্তোলন বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে।