কুমিল্লা সিটি করপোরেশনের নির্মাণাধীন ঢাকনাবিহীন ড্রেনে পড়ে রবিন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গত শনিবার বিকেলে নগরীর কোটবাড়ী রোডের চাঙ্গিনী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
রবিন (৬) জেলার চান্দিনা উপজেলার কেশেরা গ্রামের সুমন মিয়ার ছেলে। সে কুমিল্লা কোটবাড়ী চাঙ্গিনী এলাকায় মামার বাড়িতে বেড়াতে এসেছিল।
রবিনের মা রোজিনা বেগম জানান, রবিন অন্য শিশুদের সঙ্গে সড়কের পাশে খেলতে যায়। এ সময় সে ঢাকনাবিহীন ড্রেনে পড়ে যায়। কিছু সময় পর খুঁজতে গিয়ে দেখি রবিনের মরদেহ ড্রেনের পানিতে ভাসছে।
রবিনের মামা শরিফসহ স্থানীয়রা জানান, আগেও ঢাকনাবিহীন এই ড্রেনের ওপর দিয়ে হাঁটতে গিয়ে অনেকেই নিচে পড়ে আহত হয়েছেন।
অপরদিকে, সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুই শিশু উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলী গ্রামের একই পরিবারের সৈয়দুর রহমানের ছেলে সাহিম মিয়া (৬) ও সাহিদুর রহমানের মেয়ে মারিয়া বেগম (৭)। তারা চাচাতো ভাইবোন। গতকাল রবিবার দুপুরে উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্বজনরা জানান, রবিবার সকালে বাড়ির উঠানে খেলা করছিল সাহিম ও মারিয়া। খেলতে গিয়ে দুজনেই বাড়ির সামনের ডোবার পানিতে পড়ে যায়।