ইউরোপ সেরার মঞ্চ- চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মুখোমুখি হয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ও ফরাসি ক্লাব পিএসজি। বাংলাদেশ সময় রাত ১টায় লিসবনের স্তাদিও দা লুজ স্টেডিয়ামে শুরু হয়েছে দুই দলের লড়াই। গোলশূন্যভাবে শেষ হয়েছে ম্যাচের প্রথমার্ধ।
শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠেছে খেলা। বায়ার্ন গোলরক্ষক নয়্যার ও পিএসজি গোলরক্ষক নাভাস, দুজনকেই দিতে হচ্ছে পরীক্ষা। পিএসজির নেইমার ও বায়ার্নের লেভানডোস্কি দুজনই হাতছাড়া করেছেন গোলের সুযোগ।
নেইমার অবশ্য আক্ষেপ করতে পারেন। ১৭ মিনিটে বা প্রান্ত দিয়ে বায়ার্নের রক্ষণ দুর্গে হানা দেন ব্রাজিলিয়ান তারকা। তার বাঁ পায়ের শট রুখে দেন বায়ার্ন গোলরক্ষক নয়্যার। নেইমারের দ্বিতীয় প্রচেষ্টাও ব্যর্থ হয়।
এর চার মিনিট পরই অল্পের জন্য রক্ষা পায় পিএসজি। লেভানডোস্কির শট ফিরে পোস্টে লেগে। ২৩ মিনিটে পিএসজির ডি মারিয়ার শট পোস্টের উপর দিয়ে চলে যায়।
৩১ মিনিটে লেভানডোস্কির হেড রুখেছেন পিএসজি গোলরক্ষক নাভাস। বিরতির ঠিক আগে সহজ সুযোগ হাতছাড়া করেন এমবাপ্পে। ডি বক্সের তার দুর্বল শট রুখতে সমস্যা হয়নি নয়্যারের।
আক্রমণে দুই দল সমানে সমান হলেও বল দখলের লড়াইয়ে পিএসজির চেয়ে ঠের এগিয়ে ছিল বায়ার্ন। প্রথমার্ধে ৬২ শতাংশ বল নিজেদের দখলে রেখে খেলেছে তারা। তবে গোলমুখে জার্মান জায়ান্টরা যেখানে ৫টি শট নিয়েছে, সেখানে পিএসজি নিয়েছে ৬টি। বায়ার্ন ফাউল করেছে ৯টি, পিএসজি ৮টি।