মেসি বার্সা ছেড়ে যেতে পারে না : রোনালদো

‘ইউরোপে (দলবদলে) অর্থ সংকটের এই সময়ে লিওনেল মেসির বার্সেলোনা ছেড়ে যাওয়ার সম্ভাবনা কম। দল যখন সাফল্য খরায় ভুগছে ঠিক তখন সে বার্সা ছেড়ে যেতে পারে না। মেসি দলটির খুব গুরুত্বপূর্ণ এক অংশ। আমি যদি বার্সেলোনার কর্তাব্যক্তি হতাম, তাহলে কোনো পরিস্থিতিতেই তাকে যেতে দিতাম না। মেসির সঙ্গে বার্সার সম্পর্ক গভীর। আমি মনে করি মেসির বার্সার প্রতি ভালোবাসা অব্যাহত থাকবে। চ্যাম্পিয়নস লিগে দল যেভাবে হেরেছে তাতে সে কিছুটা বিচলিত।’

এমনটা বলেছেন দা ফেনোমেনন হিসেবে খ্যাত ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো। সান্তান্দেরের এক ওয়েবিনারে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

গুঞ্জন, মাঠে দলের ছন্দহীন পারফরম্যান্স ও মাঠের বাইরে ক্লাবের নানা বিতর্কিত ঘটনার কারণে বার্সেলোনার ওপর থেকে মন উঠে গেছে মেসির। এ বছরে বেশ কয়েকবার অসন্তোষ প্রকাশ করতেও দেখা গেছে তাকে। সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ গোলে ভরাডুবির পর নাকি তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, এই গ্রীষ্মেই ছাড়তে চান বার্সেলোনা।

কয়েকটি স্প্যানিশ গণমাধ্যমের খবর, মেসির প্রশ্নে বোর্ডের পরিচালকদের মাঝে মতভেদ তৈরি হয়েছে। কয়েকজন নাকি রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলারকে ছেড়ে দেওয়ার পক্ষে।

এসব খবর যদি সত্যি হয়, মেসি যদি সত্যিই চলে যান বার্সেলোনা ছেড়ে, তাহলে তা দলটির জন্য মোটেও ভালো কিছু হবে না বলে মনে করেন রোনালদো। তার মতে, মেসি চলে গেলে কাতালান ক্লাবটির সমস্যা মিটবে না মোটেও।

১৯৯৬-৯৭ মৌসুমে বার্সেলোনায় খেলা রোনালদো বলেন, ‘মাঠে মেসির দারুণ কিছু করে দেখাতে যেমন সতীর্থদের প্রয়োজন তেমনি অন্য খেলোয়াড়দেরও তাকে প্রয়োজন। আগামী কয়েক মৌসুমের জন্য বার্সেলোনাকে ভিন্ন কিছু ভাবতে হবে। তবে, যদি আসল খেলোয়াড়ই চলে যায়, তাহলে সমাধান মিলবে না।’

এদিকে, রোনালদো মনে করেন রিয়াল মাদ্রিদের নেইমারের চেয়ে বেশি প্রয়োজন এমবাপের। ২০২১ সালের দলবদলের কথা ভেবে এই পরামর্শ দেন রোনালদো। ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা এমবাপে আগেও জানিয়েছেন, ক্যারিয়ারের কোনো এক পর্যায়ে মাদ্রিদের হয়ে খেলতে চান তিনি। ২০০২ থেকে ৫ বছর রিয়ালে খেলা রোনালদো বলেন, ‘এই মুহূর্তে বিষয়টি এমন নয় যে, তাদের মধ্যে একজনের চেয়ে অন্যজন ভালো। রিয়াল মাদ্রিদকে যেহেতু বড় অঙ্কের বিনিয়োগ করতে হয় তাই তাদেরকে ভবিষ্যতের কথা ভাবতে হবে। নেইমারের বয়স ২৮ বছর, এমবাপের ২১। এক্ষেত্রে দুজনের মধ্যে যার বয়স কম তাকে দলে ভেড়ানোটাই বেশি যুক্তির হবে।’ রিয়ালের কোচ জিনেদিন জিদানও বেশ পছন্দ করেন এমবাপেকে।