আইপিএলের শুরুতে থাকছেন না মালিঙ্গা

মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলের শুরু থেকে খেলতে পারছেন না লাসিথ মালিঙ্গা। ব্যক্তিগত কারণে দেশেই থাকতে হচ্ছে তাকে। এই সময়ে কলম্বোতেই অনুশীলন করে নিজেকে ফিট রাখবেন তিনি। আসরের শেষ দিকে মুম্বাইয়ের সঙ্গে যোগ দেবেন তিনি। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া আইপিএল খেলতে সবগুলো দলই সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে।

জানা যায় পিতার অসুস্থতার কারণে শুরু থেকেই টুর্নামেন্টে থাকছেন না মালিঙ্গা। সেপ্টেম্বরের শুরুতে অস্ত্রোপচারের প্রয়োজন হবে তার বাবার। ওই সময় বাবার পাশে থাকতে চান মালিঙ্গা। তবে আইপিএলের শেষ দিকেও মালিঙ্গাকে বেশি প্রয়োজন হবে মুম্বাইয়ের। গত বছর মালিঙ্গার শেষ ওভারের জাদুতেই চেন্নাইকে হারিয়ে তৃতীয় শিরোপা জিতেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। ওই ফাইনালে তিন ওভারে ৪২ রান দিলেও শেষ ওভারে ৯ রান আটকে দেন মালিঙ্গা। তার শেষ ওভারে কেবল ৭ রান নিতে পারে চেন্নাই। এতে ১৪২ করেও ১ রানের জয় পায় মুম্বাই।