ইংল্যান্ডে দর্শক মিস করবেন স্মিথ

গত বছরের ইংল্যান্ড সফরে ইংলিশ দর্শকদের দুয়ো শুনতে হয়েছিল স্টিভেন স্মিথকে। সেই দুয়োতেই হয়তো জ্বলে উঠেছিলেন তিনি। অ্যাশেজের চার টেস্টে ৭৭৪ রান করেছিলেন অজি এই ব্যাটসম্যান। এমন পারফরমেন্স ইংলিশ সমর্থকদের তালিও এনে দিয়েছিল স্মিথকে। সংক্ষিপ্ত ফরম্যাটে খেলতে ইংল্যান্ড সফরে অজিরা। স্মিথ জানিয়েছেন, পরিবর্তিত পরিস্থিতিতে মাঠের দর্শকদের মিস করবেন তিনি।

করোনাভাইরাস মহামারীর কারণে অস্ট্রেলিয়ার এবারের ইংল্যান্ড সফর হবে আগের চেয়ে ভিন্ন প্রেক্ষাপটে। সুরক্ষিত পরিবেশে খেলা হবে দর্শকশূন্য মাঠে। তিন টি-টোয়েন্টি ও তিন ওয়ানডে সিরিজ খেলতে গতকালই (রবিবার) ইংল্যান্ডের ফ্লাইট ধরে ২১ সদস্যের অস্ট্রেলিয়া দল। করোনাপরবর্তী সময়ে এটিই অজিদের প্রথম সিরিজ। অস্ট্রেলিয়া থেকে ইংল্যান্ডের উদ্দেশে রওনা হওয়ার আগে বিমানবন্দরে কথা বলেন স্মিথ। বলেন, ‘আমি ওখানে (ইংল্যান্ডে) ব্যাট করতে পছন্দ করি। দুর্ভাগ্যজনকভাবে আমাকে বাড়তি জ্বালানি দেওয়ার জন্য কোনো দর্শক মাঠে থাকবে না। তবু সবার চোখ থাকবে টেলিভিশনে। সেখানে আবারও খেলতে পারাটা দারুণ হবে।’ দীর্ঘদিন পর কোনো সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। তাই নিজেদের ভাগ্যবান ভাবছেন স্মিথ। ‘আমরা ভাগ্যবান যে খেলায় ফিরতে পারছি। এর জন্য যা করা দরকার তা আমাদের করতেই হবে।’

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকায় কেপটাউন টেস্টে বল ট্যাম্পারিংয়ের ঘটনায় এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন স্মিথ। গত বছর ইংল্যান্ড বিশ্বকাপ দিয়ে ফেরেন দলে। সেই ঘটনায় অধিনায়কত্ব থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয় স্মিথকে। বর্তমান টেস্ট অধিনায়ক টিম পেইনের বয়স ৩৫ বছর। আবারও স্মিথের অধিনায়কত্বে ফেরার সম্ভাবনা দেখেন অনেকে। অস্ট্রেলিয়া দলের ব্যাটিং কোচ রিকি পন্টিং বলেন, ‘এটি দেখার বিষয় হবে যে, অস্ট্রেলিয়ান জনগণ তাকে আবার অধিনায়ক হওয়ার অনুমতি দিতে রাজি কি না, কারণ ক্রিকেট অস্ট্রেলিয়া যদি ঘোষণা দেয় যে তিনি অধিনায়ক হবেন এবং জনগণ সেটি ভালোভাবে না নেয়, তবে এটি বিপর্যয়ই হবে।’