বাংলাদেশের ফুটবল আজ বিশ্ব ফুটবলের মাপকাঠিতে তলানিতে পৌঁছেছে মন্তব্য করে সাবেক তারকা ফুটবলাররা বলেছেন, ‘ফুটবলে পরিবর্তন আজ সময়ের দাবি।’ ১৫ আগস্ট উপলক্ষে আয়োজিত এক শোকসভায় এ কথা বলেন তারা। জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এবং জাতীয় দলের সাবেক ফুটবলাররা সভায় উপস্থিত ছিলেন। সাবেক ফুটবলার আব্দুল গাফফার বলেন, ‘আমাদের সবার প্রিয় বাদল রায় আসন্ন বাফুফে নির্বাচনে সভাপতি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু তার শারীরিক বিষয় বিবেচনা করে আমরা তার পরিবর্তে একজন দক্ষ সংগঠককে প্রার্থী করতে চাই। জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব ও বাংলাদেশ ফুটবল ক্লাবস অ্যাসোসিয়েশনের সভাপতি তরফদার রুহুল আমিন সভাপতি প্রার্থী হলে আমরা মনে করি ফুটবলের জন্য ভালো হবে।’ সাবেক ফুটবলার শেখ মো. আসলাম বলেন, ‘বঙ্গবন্ধু ও তার জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল ছিলেন ফুটবলের সত্যিকার অনুরাগী। এটি নিশ্চিত ফুটবলের উন্নয়নে তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন। কিন্তু দেশের ফুটবল আজ তলানিতে পৌঁছেছে, তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে ফুটবলে পরিবর্তন আনা আজ অতি জরুরি হয়ে দাঁড়িয়েছে।’ শোকসভায় আরও উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের শেখ আশরাফ আলী, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, ইমতিয়াজ সুলতান জনি, ওয়াহিদ্দুজামান পিন্টুসহ আরও অনেকে।