পোল্ট্রি শিল্পের বিকাশে সব সহযোগিতা দেওয়া হবে : শ ম রেজাউল

পোল্ট্রি শিল্পের বিকাশে প্রয়োজনীয় সব সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। গতকাল রবিবার সচিবালয়ে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ বিষয়ে আশ্বস্ত করেন।

তিনি বলেন, ‘আপনাদের সব ধরনের সহযোগিতা করতে আমরা সব সময় প্রস্তুত। এখন প্রতিযোগিতামূলক বাজার। আপনারা এগিয়ে গেলে একসময় বিদেশি প্রতিষ্ঠান এখান থেকে চলে যেতে পারে। দেশের মানুষকে আকৃষ্ট করার জন্য পোল্ট্রি থেকে তৈরি করা খাবারে বৈচিত্র্য আনতে হবে। গবেষণার মাধ্যমে মাংসের বহুজাতিক ব্যবহার বাড়াতে হবে।’

তিনি বলেন, ‘বিদেশে হালাল মাংস আমদানির অনেক চাহিদা রয়েছে। সেই চাহিদা পূরণে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বিদেশে মাংস, ডিম ও এ জাতীয় পণ্যের বাজার সম্প্রসারণে প্রয়োজনে ক্যাম্পেইন করতে হবে, লবিস্ট নিয়োগ করতে হবে, চেম্বার অব কমার্সের মাধ্যমে আন্তর্জাতিক যোগাযোগ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি উদ্যোগ ও বিনিয়োগকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকেন। শেখ হাসিনা সরকার অবশ্যই এ ব্যাপারে সব সহযোগিতা প্রদান করবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ্ হাবিবুল হক প্রমুখ।