করোনাকালীন অতিরিক্ত বিদ্যুৎ বিল তৈরি করে গ্রাহকদের থেকে অর্থ আদায় বন্ধ এবং এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিইআরসি (বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন) আইন অনুযায়ী ব্যবস্থা নিতে আইনি নোটিস পাঠানো হয়েছে। বিদ্যুৎ বিভাগের সচিব, বিইআরসির চেয়ারম্যান, পল্লীবিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান, ডিপিডিসি ও ডেসকোসহ সংশ্লিষ্টদের উদ্দেশে এ নোটিস পাঠানো হয়। গতকাল রবিবার কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) আহ্বায়ক স্থপতি মোবাশ্বের হোসেনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়–য়া এ নোটিস পাঠান।
নোটিসে ওই বিল বাতিল, মিটার রিডিং দেখে নতুন বিল তৈরি এবং বিলম্ব মাশুল না নিতে বলা হয়েছে। এছাড়া অতিরিক্ত অর্থ সংবলিত যে পরিমাণ বিল তৈরি করা হয়েছে এবং গ্রাহকদের থেকে যে টাকা নেওয়া হয়েছে তা ওয়েবসাইটে প্রকাশ করাসহ এসব বিল তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নোটিসপ্রাপ্তির পাঁচদিনের মধ্যে ব্যবস্থা নিতেও নোটিসে অনুরোধ জানানো হয়েছে।